| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিনে হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৬:২৭:৩৬:অপরাহ্ন  |  ১৮৪৪৩ বার পঠিত
একদিনে হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৬৬ জন সন্দেহভাজন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হাজারো মানুষ আক্রান্ত হয়েছেন এবং শত শত শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হাম সন্দেহে চারজনের প্রাণহানি ঘটেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে একই সময়ে মারা গেছেন ৯৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই রোগটি নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় শিশুদের টিকাদান কর্মসূচিতে আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪