| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদল নেতার

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:১১:১৫:অপরাহ্ন  |  ৪০০০ বার পঠিত
কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদল নেতার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলমান জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়ে গেলে বিষয়টি নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ছিলেন যুবদল নেতা শাহ আলম।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) সকালে শাহ আলমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪