| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:২৭:৪৯:অপরাহ্ন  |  ৩২০৮ বার পঠিত
চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চাঁদপুর প্রতিনিধি : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মধ্য দিয়ে। দলের প্রথম ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

আর্জেন্টিনার এই জয়কে ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ।

বুধবার (১৭ জুন) ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে এঁকেছেন দলের রং। খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ এবং দলের প্রতিটি গোল নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।

গোল হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। চারদিকে শোনা যায় করতালি, শিস ও উল্লাসধ্বনি। অনেককে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।

আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, “আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। দলের দারুণ পারফরম্যান্সে আমরা খুবই আনন্দিত। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনা। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।”

আর্জেন্টিনার আরেক সমর্থক মিতু বলেন, “প্রিয় দলের খেলা দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলাম। কখন সকাল হবে, কখন খেলা শুরু হবে সেটাই ভাবছিলাম। দলের দুর্দান্ত পারফরম্যান্সে আমি মুগ্ধ। খেলা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আমরা চাই আর্জেন্টিনা এভাবেই টুর্নামেন্টে এগিয়ে যাক।”

সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এমন পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪