নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় সড়কের পাশে নেয়ামুল বাশির নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সাদা জোব্বা-পাজামা পরিহিত অবস্থায় মরদেহের পাশেই তার ব্যবহৃত ব্যাগ পাওয়া যায়। এছাড়া হাতে ঘড়ি, জোব্বার পকেটে মোবাইল ফোন এবং ব্যাগে কিছু টাকা ছিল। মরদেহ উদ্ধারের সময় এসব আলামত জব্দ করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসএন