দাগনভূঞা প্রতিনিধি : চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক কৃষিবিদ মো. আতিক উল্লাহ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. মাসুদ হোসেন এবং দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফুল হায়দার ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, মো. একরাম উদ্দিন ও মো. জাকির হোসেন।
গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মাঠ ফসলে বৈচিত্র্য আনা, লাভজনক ফসল চাষ, আধুনিক চাষ পদ্ধতি, বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি কৃষিকে প্রযুক্তিনির্ভর ও যান্ত্রিকীকরণের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এছাড়া কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসএন