ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বুড়ির বাঁধ এলাকায় একটি সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মো. মানিক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক মানিক মিয়া সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও বামনপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন এসআই আরিফ হোসাইন।
অন্যদিকে একই রাতে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ভাটার মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে এক যাত্রীকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি প্লাস্টিকের প্যাকেটে থাকা ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মারুফ হোসেন (৩৭)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় সাড়ে সাত গ্রাম। ঘটনাস্থলেই আলামত জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, পৃথক ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। উদ্ধারকৃত আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন