| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৯:২৩:৩০:অপরাহ্ন  |  ৩৩৯৮ বার পঠিত
শরীয়তপুরে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৭ জুন) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তবে আয়োজকদের দাবি, এতে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিডিওতে অংশগ্রহণকারী অধিকাংশ নেতা-কর্মীকে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। পরে ভিডিওটি ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

মিছিল থেকে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা কর্মসূচি পালন করে আসছেন। শুধু গত ১৫ দিনেই জেলা শহরের অন্তত চারটি স্থানে এ ধরনের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা ছাত্রলীগের এক নেতা বলেন, সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এর আগেও নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪