টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
বুধবার (১৭ জুন) দুপুরে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিককে অনুপস্থিত পান। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিক শোকজের নির্দেশ দেন এবং আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন। তিনি বলেন, “কারও যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য জায়গায় চলে যাবে—অনিয়ম চলবে না।”
হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনরা প্রতিমন্ত্রীর কাছে দালালচক্র, অনিয়ম ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার নানা অভিযোগ তুলে ধরেন। এসব শুনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের বর্তমান অবস্থা প্রায় পরিত্যক্ত ঘোষণার মতো।
পরিদর্শনের সময় শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে ব্যাখ্যা চান এবং দ্রুত হাসপাতাল ঢেলে সাজানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, হাসপাতালে মাদকসেবী ও বহিরাগতদের অবাধ প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আকস্মিক পরিদর্শনে এসে অনিয়মের সত্যতা পেয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা ঠিক করে মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করা হবে।”
এ সময় হাসপাতালের পরিচালকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন