ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে/২০২৬ এর কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহাম্মদ। থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক অর্জন লাভ করেন।
দুর্গাপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি খন্দকার শাকের আহাম্মদ দুর্গাপুর থানাকে একটি সেবামুখী ও জনবান্ধব থানায় রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম এবং নিয়মিত অভিযানের মাধ্যমে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন। নারী, শিশু ও সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং মানবিক আচরণের জন্যও তিনি ব্যাপকভাবে সমাদৃত।
পুলিশি পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে খন্দকার শাকের আহাম্মদ আজ ময়মনসিংহ রেঞ্জের অন্যতম সফল পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য শুধু দুর্গাপুর থানা নয়, পুরো নেত্রকোণা জেলা পুলিশের জন্য গৌরবের বিষয়।
সংশ্লিষ্টরা মনে করেন, জনগণের আস্থা অর্জন, অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং সেবার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টার ফলেই তিনি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি