| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে হার

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ০৮:১৮:৩৪:পূর্বাহ্ন  |  ১২৭৩ বার পঠিত
ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে হার

স্পোর্টস ডেস্ক: সকালের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার জয় উদযাপনের আনন্দে। নীল-সাদা জার্সি গায়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনেক সমর্থক। প্রত্যাশা ছিল, একই দিনে আর্জেন্টিনার জয়ের সঙ্গে বাংলাদেশের জয় মিলিয়ে হবে ‘ডাবল উৎসব’। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হলো না।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। আত্মঘাতী ব্যাটিং ও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

টপ অর্ডারে সর্বোচ্চ ২০ রান করেন সাইফ হাসান। তানজিদ হাসান করেন ১০, সৌম্য সরকার ১৭ এবং অধিনায়ক তাওহীদ হৃদয় করেন ৮ রান। মিডল অর্ডারেও ভরসা দিতে পারেননি পারভেজ হোসেন ইমন, অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন কিংবা শামীম হোসেন। শেষ দিকে শেখ মেহেদী হাসান ২৯ রানের লড়াকু ইনিংস খেলে দলের সংগ্রহ একশ পার করান। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ২৩ রানের জুটিও গড়েন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষিক্ত বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস ১৭ রানে ৩ উইকেট নেন। সমান তিনটি উইকেট শিকার করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এছাড়া ম্যাট রেনশ নেন দুটি উইকেট।

১৩২ রানের জবাবে শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ৫ রান করে ফিরে যান জশ ইংলিশ। এরপর মোস্তাফিজুর রহমান ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। তবে স্বল্প পুঁজি নিয়ে বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা।

৩৮ রানে দুই উইকেট হারানোর পর কুপার কনোলির ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন। টিম ডেভিড করেন ২০ রান, আর ম্যাট রেনশ ও অভিষিক্ত নিখিল চৌধুরী যোগ করেন ১৮ রান করে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে দুই উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

ম্যাচ শেষে গ্যালারিতে ছিল হতাশার ছাপ। আর্জেন্টিনার জয় উদযাপন করতে আসা সমর্থকেরা বাংলাদেশের জয় দিয়েও দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার সহজ জয়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ডাবল উৎসবের স্বপ্ন নিয়ে মাঠে আসা দর্শকদের শেষ পর্যন্ত ফিরতে হয়েছে মন খারাপ নিয়েই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪