| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৪:৩১:৪২:অপরাহ্ন  |  ১৬৪৭ বার পঠিত
২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে একটি মহল রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এসব তৎপরতা পরিকল্পিত এবং জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগকে” আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমানে উন্নয়ন কার্যক্রম শুরু হতেই একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে এসব চেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।

দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪