রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন) কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করা হয়।
জব্দকৃত পাওয়ার টিলারগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন