নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), একই উপজেলার সান্দিকোনা এলাকার আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।
একই দিন ভোর ৫টার দিকে মদন উপজেলার জয়পাশা গ্রামে বাড়ির পাশের পানিতে ডুবে থাকা জমিতে মাছ ধরতে যান রাজিব মিয়া। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাজিব পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন