কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে প্রবাসী হেদায়েতুল্লাহর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে যুবদল নেতা হিসেবে পরিচিত আরিফুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চাঁদার টাকা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রবাসী হেদায়েতুল্লাহর বাড়িতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। একপর্যায়ে বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় প্রতিবেশী আব্দুর রহিম বিষয়টি শান্ত করার জন্য এগিয়ে আসেন। এ সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের দাবি, ঘটনার পুরো বিষয়টি এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে হামলার কিছু দৃশ্য দেখা গেছে বলেও তারা জানান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এদিকে, ঘটনার পর প্রবাসী হেদায়েতুল্লাহর পরিবারের পক্ষ থেকে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরিফুর রহমান। তিনি বলেন, “হেদায়েতুল্লাহ আমার দোকান থেকে বাড়ি নির্মাণের মালামাল নিয়েছেন। আমি শুধু আমার পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। হামলা বা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
রিপোর্টার্স২৪/এসএন