ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মো. শাহরুখ ইসলাম ওরফে শারুফ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রংপুর ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহরুখ ইসলাম স্থানীয় জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকার মো. আনারুল ইসলামের ছেলে। পরিবার জানিয়েছে, শাহরুখ সাঁতার জানত না।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শাহরুখ তার প্রতিবেশী সোলেমান (১৪) ও স্বাধীন (১২) নামের দুই কিশোরের সঙ্গে টাঙ্গন নদীর সিয়ামতে ঘাটে গোসল করতে যায়। গোসল শেষে অন্য দুইজন বাড়ি ফিরে এলেও শাহরুখ আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা রাতেই নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।
অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর নদীর মাঝখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন