নেত্রকোণা প্রতিনিধি: বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও মুক্তিপণ আদায়ের মামলায় সৌদি আরব প্রবাসী খসরু পারভেজ ভূঁইয়া (৩৮)-কে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে মদন আমলি আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার (১৫ জুন) রাতে পাশের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের একটি সালিশি বৈঠক থেকে তাকে আটক করে মদন থানা পুলিশ।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. দিদারুল হক চৌধুরী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, মামলার বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরবে যাওয়ার পর ভুক্তভোগী মোহন মিয়াকে নিজের বাসায় রাখেন খসরু পারভেজ ভূঁইয়া। তবে চুক্তি অনুযায়ী তাকে কোনো কাজ দেওয়া হয়নি। একপর্যায়ে মোহনের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র নিজের কাছে রেখে দেন খসরু।
পরে মোহন মিয়া কাঙ্ক্ষিত কাজ বা চুক্তি অনুযায়ী আকামার বিষয়ে জানতে চাইলে তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা সাড়ে ১১ লাখ টাকা পরিশোধ করলে মোহন দেশে ফিরে আসতে সক্ষম হন।
দেশে ফিরে বিভিন্নভাবে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন মোহন মিয়া। পরে চলতি বছরের ৯ জুন নেত্রকোণা অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী খসরুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, খসরু পারভেজ ভূঁইয়া বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার বলে দাবি করা হুমায়ুন কবির, সোহেল, জুয়েল, মোজাম্মেল ও শরিফুজ্জামান শুভসহ কয়েকজন থানায় ভিড় করেন।
রিপোর্টার্স২৪/এসএন