শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বোরহান উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় অবস্থিত জেবিন রাইস প্রসেসিং মিলের গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০২৪-২৫ অর্থবছরের ৫০ কেজি বস্তায় সংরক্ষিত চাল খুলে সরকারি ধান-চাল সংগ্রহ কর্মসূচি ২০২৬ সালের জুন মাসের ৩০ কেজি বস্তায় ভরা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে ৩৩ টন সরকারি চালসহ মিলের মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়।
অভিযানকালে গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পুরোনো বস্তা থেকে নতুন বস্তায় সরকারি চাল প্যাকেট করার সময় ৩৩ টন চালসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন