| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৭:৪৬:৪৫:অপরাহ্ন  |  ৯৩৩ বার পঠিত
টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় ভাতিজা ফয়সাল পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে চাচা আব্দুর রহমানও পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, বাড়ির পাশের মাঠে খেলা শেষে দুই শিশু একটি দোকান থেকে কলা খেয়ে পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, প্রথমে ফয়সাল পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আব্দুর রহমানও পানিতে ডুবে মারা যায়। পরে পথচারীরা একজনকে পানিতে ভাসতে দেখে উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪