| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য গণবান্ধব বাজেট: দুলু

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৭:৫৩:৪৩:অপরাহ্ন  |  ১০১৮ বার পঠিত
কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য গণবান্ধব বাজেট: দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান বাজেট গত ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে গণবান্ধব ও জনমুখী বাজেট। তার ভাষায়, এটি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে নাটোর সদর উপজেলা হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। আরও বক্তব্য রাখেন কৃষিবিদ নীলিমা জাহান, কৃষক ওসমান গনীসহ অন্যান্যরা।

হুইপ দুলু বলেন, “আমি মনে করি এই বাজেট জনগণের বাজেট, কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট। স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এটি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি বড় বাজেট, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ।”

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, যা দেশের অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে। অতীতের লুটপাটের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দায়িত্ব পালন করছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

হুইপ দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। কিষাণ কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও সুদমুক্ত ঋণ পাচ্ছেন। কৃষকদের ১০ হাজার টাকা সুদমুক্ত সহায়তার উদ্যোগও ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা সাধারণ মানুষকে স্বাবলম্বী করবে।

কৃষি উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, খাল খনন ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়ানো হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

ধর্মীয় ও সামাজিক খাত নিয়েও বক্তব্য দেন হুইপ দুলু। তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা করা হচ্ছে, যা সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪