| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে দুই প্রতারক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৮:০৪:২২:অপরাহ্ন  |  ৬৬২ বার পঠিত
জামালপুরে দুই প্রতারক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে জামালপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া এলাকার রকিবুল ইসলাম রকিব (৩৮)। তারা জামালপুর শহরের একটি বাসায় অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, মাদারগঞ্জ উপজেলার এক চাকরিপ্রত্যাশীকে বাংলাদেশ পুলিশে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২৫ লাখ টাকা দাবি করে একটি প্রতারণা চক্র। চাকরি হয়ে গেলে টাকা পরিশোধ করা যাবে এমন শর্তে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক এবং তিনটি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। পাশাপাশি একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।

পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে মিথ্যা আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিল।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা অবৈধ প্রভাবের সুযোগ নেই। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চাকরির নামে প্রতারণা সংক্রান্ত কোনো তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪