| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৯:০১:৪১:অপরাহ্ন  |  ১৬০৬৯৬৭ বার পঠিত
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

রিপোর্টার্স ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয় উপলক্ষে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক।

পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। শেষ পর্যন্ত ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিজের সেই ঘোষণার বাস্তবায়ন করেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে খেলা শেষ হওয়ার পর স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে ঝাউতলা গোলচত্বরে এসে সবার সামনে মাথা ন্যাড়া করেন। ঘটনাটি উপস্থিত সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত আলোচনায় আসে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও নিজের দেওয়া কথা রাখায় রাফির প্রতি অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি প্রশংসাও দেখা গেছে।

কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। সেই ধারাবাহিকতায় মজার ছলে দেওয়া একটি চ্যালেঞ্জ বাস্তবে পরিণত করেছেন। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। 

এদিকে, একই রকম আরো একটি ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জে। জানাে গেছে, এই সমর্থকের নাম ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে মাথা ন্যাড়া করেন তিনি।

ফয়সাল বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ফয়সাল ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েই সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন। এসময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন।

মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪