| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২১:৪২:৩৯:অপরাহ্ন  |  ৯৩২ বার পঠিত
ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের (নিষিদ্ধঘোষিত) বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। 

এর আগে শুক্রবার (১৯ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন স্থানীয় রবিউল ইসলাম (৩০) মিস্টার আলী। চাপারহাট-ভূুল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে আসা মাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে।

পরে তাদের বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাদের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। 

এক পর্যায়ে আসামিরা রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোর করে ধাপে ধাপে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।  

পরবর্তীতে এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩ এর একটি দল। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

এদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাকে আদালতে পাঠিয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪