| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণ মামলায় শিবির নেতা জিসানের রিমান্ড

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২০:৫১:১১:অপরাহ্ন  |  ৪১৫ বার পঠিত
ধর্ষণ মামলায় শিবির নেতা জিসানের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি: ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা শামছুল আলম শাহ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে দাবি করে তার পরিবার। পরদিন দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে একই দিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ওই রাতেই ২৫ বছর বয়সী এক বিধবা নারী জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এনে দাউদকান্দি থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, আদালত জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

অভিযোগ ওঠার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিসান মিয়া প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪