| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগে এমপিপুত্র আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০২:৩৯:১৩:পূর্বাহ্ন  |  ৬৬৪ বার পঠিত
বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগে এমপিপুত্র আটক

নারায়নগঞ্জ প্রতিনিধি: দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। প্রথমে জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাকে ঢাকার মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে স্থানান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, খাইরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএনপি সরকার গঠনের পর একটি বড় শিল্পগোষ্ঠীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। অর্থ না দেওয়ায় শিল্পপ্রতিষ্ঠানটির গাড়ি আটকে রাখার অভিযোগ ওঠে। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এছাড়া সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পকারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, পণ্যবাহী যানবাহন আটকে রাখা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলাম সজীবকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়মের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪