নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য কয়েকজন শিক্ষার্থী অজুখানায় অজু করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতদের স্বজনদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
রিপোর্টার্স২৪/বাবি