রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রিবুল হোসাইন মোটরসাইকেলে করে বোয়ালমারী থেকে ফরিদপুর সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত টেনে নিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অধিকাংশই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রিপন হোসেন জানান, রিবুল হোসাইন প্রতিদিন নিজ বাড়ি বোয়ালমারী থেকে মোটরসাইকেলে করে অফিসে যাতায়াত করতেন। সোমবারও তিনি কর্মস্থলে যাচ্ছিলেন, পথে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া পরবর্তী পদক্ষেপ হিসেবে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
রিপোর্টার্স২৪/ঝুম