কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার পর টানা ৯ দিন ধরে শূন্যরেখায় আটকে রয়েছেন পাঁচ বাংলাভাষী যুবক। চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
সোমবার (২২ জুন) পর্যন্ত শূন্যরেখায় অবস্থানরতদের মধ্যে গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজন রয়েছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের সংকটে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এর আগে গত ১৭ জুন গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ঘটনার চার দিন পর দুই শিশুসন্তানসহ এক দম্পতিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারীর দুটি সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন।
এদিকে নতুন করে কোনো পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে কুড়িগ্রাম জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি নজরদারি জোরদার করেছে। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন