মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোমবার (২২ জুন) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনের সপ্তম তলায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মাহফুজুর রহমান রাসেল, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এবং ঢাকা টেবিল টেনিস ফেডারেশনের কোচ আকাশ বসু।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুন আরা সুলতানা বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।”
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলে।”
দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ মিতু