দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস সংরক্ষণের অপরাধে পৌর শহরের বাংলা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মদিনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন