জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া ১ হাজার ৬০০-এর বেশি চাকরিপ্রত্যাশীর মধ্যে প্রায় ৩২০ জন প্রাথমিক বাছাই ও সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এহেড সোশ্যাল অর্গানাইজেশন’ (এসো)-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ চাকরি মেলার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে এবং ‘এসো’-এর সহযোগিতায় ‘রেইজ’ প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলায় বেসরকারি খাতের ২১টি জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এবং মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদের জন্য বিপুলসংখ্যক জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। পরে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
‘এসো’-এর নির্বাহী পরিচালক মো. মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য দেন ‘এসো’-এর উপনির্বাহী পরিচালক মো. আতাউর রহমান।
বক্তারা বলেন, এ ধরনের চাকরি মেলা নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করে। নিয়োগ কার্যক্রমের পাশাপাশি চাকরিপ্রত্যাশীদের জন্য সিভি হালনাগাদ এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয়, যা স্থানীয় বেকার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/এসএন