| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে : চসিক মেয়র

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২২:৩২:১৪:অপরাহ্ন  |  ৬৯০ বার পঠিত
আওয়ামী লীগ মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে : চসিক মেয়র

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে কোনো মিছিল করছে না, বরং তারা ‘দৌড় প্র্যাকটিস’ বা দৌড়ানোর চর্চা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা বর্তমানে ঝটিকা মিছিলের চেষ্টা করছে তারা মূলত গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। বর্তমানে বন্দরনগরীর কোথাও কোনো বড় রাজনৈতিক জমায়েত বা মিছিলের অস্তিত্ব নেই।

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন মেয়র। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র ডা. শাহাদাত বলেন, “বর্তমানে যারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা মূলত তীব্র ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তাই আমি এদের কর্মকাণ্ডকে মিছিল না বলে ‘দৌড় প্র্যাকটিস’ বলতে চাই।”

তিনি আরও যোগ করেন, চট্টগ্রামের বর্তমান শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আওয়ামী লীগের শীর্ষ সারির কোনো নেতাই এখন দেশে নেই। এমন বাস্তবতায় দলটির সাধারণ কর্মীদের উসকে দিয়ে কোনো ধরনের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া একেবারেই অনুচিত।

মেয়র জানান, ভোর থেকে তিনি পুরো নগরী ঘুরে দেখেছেন এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিলের চিত্র তার চোখে পড়েনি। প্রতিদিনের মতো আজকেও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করার সময় তিনি বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োজিত দেখতে পান।

এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে চসিক মেয়র বলেন, “কাউকে আটক বা গ্রেপ্তারের আগে অবশ্যই তার সঠিক পরিচয় ও সুনির্দিষ্ট অভিযোগ নিশ্চিত করতে হবে। কোনো নিরীহ নাগরিক যেন বিনা অপরাধে হয়রানির শিকার না হন। চট্টগ্রামের প্রতিটি মানুষের নিরাপদ ও সুন্দর জীবনযাপন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪