| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গেইট ও দেয়াল নির্মাণ করে পৌরসভার রাস্তা বন্ধ করে দিলেন আইনজীবী

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৬:৫৯:২৯:অপরাহ্ন  |  ১৫২৭ বার পঠিত
গেইট ও দেয়াল নির্মাণ করে পৌরসভার রাস্তা বন্ধ করে দিলেন আইনজীবী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে পৌরসভার নির্মিত একটি ইটের সলিং রাস্তার প্রবেশমুখে গেইট এবং মাঝখানে দেয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবী পরিবারের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের বাসিন্দাসহ ওই পথ ব্যবহারকারী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আদালতের স্থিতাবস্থার নির্দেশনা উপেক্ষা করে এ নির্মাণকাজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযুক্তরা হলেন লক্ষ্মীপুর আদালতের আইনজীবী আবু তৈয়ব ও তার ছেলে শরফুদ্দীন চিশতী। স্থানীয়দের অভিযোগ, পেশাগত প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিনের ব্যবহৃত জনসাধারণের চলাচলের পথটি বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি লক্ষ্মীপুর পৌরসভা বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে শহর পুলিশ ফাঁড়ির সামনে হাসনা বানু নামে পরিচিত রাস্তাটি ইটের সলিংয়ের মাধ্যমে উন্নয়ন করে লক্ষ্মীপুর পৌরসভা। তবে তারও আগে স্থানীয় বাসিন্দারা ওই পথটি নিয়মিত যাতায়াতের জন্য ব্যবহার করতেন।

একপর্যায়ে আবু তৈয়ব পরিবার দাবি করে, রাস্তা তাদের ব্যক্তিগত জমির ওপর নির্মাণ করা হয়েছে এবং তারা এ পথে চলাচলে বাধা সৃষ্টি করেন। সম্প্রতি রাস্তার প্রবেশমুখে একটি গেইট এবং মাঝখানে ইটের দেয়াল নির্মাণ করে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

এতে ওই এলাকার বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়দের ভাষ্য, শিশুদের স্কুল-মাদ্রাসায় যাতায়াত, শিক্ষার্থীদের কলেজে যাওয়া, চাকরিজীবীদের কর্মস্থলে পৌঁছানো এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দেওয়ানি আদালতের স্থিতাবস্থার আদেশ থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। উচ্চ আদালত পৌরসভাকে বিষয়টি সমাধানের নির্দেশ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী শরফুদ্দীন চিশতী বলেন, “রাস্তা আমাদের নিজস্ব জমির ওপর নির্মাণ করা হয়েছিল। তাই আমরা জমি পুনরুদ্ধার করেছি।” তবে দেওয়ানি আদালতের স্থিতাবস্থার আদেশ বহাল থাকা অবস্থায় দেয়াল নির্মাণের বিষয়টি তিনি স্বীকার করেন।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, “চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪