জামালপুর প্রতিনিধি: জামালপুরে নবায়নবিহীন ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
স্মারক নং- ১/২০২৫/৭৩২-এর মাধ্যমে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নবায়নবিহীন প্রতিষ্ঠানগুলো হলো— তুষার ডায়াগনস্টিক সেন্টার, ইসলামপুর; আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঘরমা, দেওয়ানগঞ্জ; মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, মধ্যবাজার, বকশীগঞ্জ; ডা. এফ রহমান হাসপাতাল, বকশীগঞ্জ; নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বকশীগঞ্জ; স্বপন ডায়াগনস্টিক সেন্টার, মাদারগঞ্জ; নিউ সিটি হাসপাতাল, তমালতলা, জামালপুর; শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাগেরহাটা, জামালপুর সদর; এশিয়ান জেনারেল হাসপাতাল (প্রা.), নয়াপাড়া (পাঁচরাস্তা), জামালপুর সদর; ইউনাইটেড জেনারেল হাসপাতাল, স্টেশন বাজার, জামালপুর সদর এবং হামিদ মেডিকেল সেন্টার, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, সরিষাবাড়ী।
এ বিষয়ে ইসলামপুরের তুষার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল লতিফ মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুমোদনে বিলম্ব হওয়ায় নবায়ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে ছাড়পত্রে স্বাক্ষর হয়েছে এবং সিভিল সার্জনের কাছ থেকে এক মাসের সময় নেওয়া হয়েছে।
জামালপুরের সিভিল সার্জন ডা. ফজলুল হক জানান, ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান আপিল করে এক মাসের সময় নিয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবে, তাদের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, “এরই মধ্যে ১৫ দিন অতিবাহিত হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হবে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।”
রিপোর্টার্স/এসএন