| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেফালির ঝড়ে ভারতের কাছে হার বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০১:১৭:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৩৩ বার পঠিত
শেফালির ঝড়ে ভারতের কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: একটি ক্যাচ মিস কখনো কখনো পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। ভারতের ইনিংসের প্রথম ওভারেই সেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটরক্ষক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাত ফসকে বেরিয়ে যায় শেফালি ভার্মার সহজ ক্যাচ। সেই জীবন পেয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন ভারতীয় ওপেনার।

শেফালির ঝড়ো হাফ সেঞ্চুরিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন শেফালি ভার্মা। মারুফা আক্তারের করা ইনিংসের প্রথম ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জ্যোতি। এরপর আর কোনো সুযোগ দেননি এই ডানহাতি ওপেনার।

মারুফা ও সানজিদা আক্তার মেঘলার ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন শেফালি। যদিও অন্য প্রান্তে বেশিক্ষণ টিকতে পারেননি স্মৃতি মান্ধানা। মারুফার বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ৬ বলে ৮ রান করে ফিরে যান তিনি।

তবে স্মৃতির বিদায়ের পরও ভারতের রান তোলার গতি কমেনি। শেফালির আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৬৩ রান তুলে ফেলে ভারত। পরে মাত্র ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি।

অবশেষে নাহিদা আক্তার কিছুটা স্বস্তি এনে দেন বাংলাদেশকে। তার বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন শেফালি। ৮ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এরপর নাহিদার শিকার হন স্বস্তিকা ভাটিয়াও। ২৩ রান করে বিদায় নেন এই ব্যাটার।

মাঝের ওভারগুলোতে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রিচা ঘোষ। তবে জেমিমাহ রদ্রিগেজের ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস ভারতের জয় সহজ করে দেয়। রিতু মনি তাকে ফিরিয়ে দিলেও ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় ভারত।

শেষ পর্যন্ত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই রেনুকা সিংয়ের বলে ৪ রান করে আউট হন ওপেনার দিলারা আক্তার।

তবে এরপর জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারির জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪০ রান তোলে দল। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। জুয়াইরিয়া ৩১ বলে ৫ চারসহ ৩৩ রান করে ফিরলেও দলের ভিত গড়ে দিয়ে যান।

সোবহানা মোস্তারি ২৬ বলে ২২ রান করেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৭ বলে ৩২ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও সেটিকে বড় সংগ্রহে রূপ দিতে পারেননি।

শেষদিকে শারমিন আক্তার সুপ্তার ১২ বলে ১০, রিতু মনির ৪ বলে ৮ এবং স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ১৩৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

তবে শেফালি ভার্মার ঝড়ো ব্যাটিং ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিল্ডিং ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪