ময়মনসিংহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী তিন নির্বাচন কর্মীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে মরহুমদের স্মরণে এক শোকসভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ চলাকালে দায়িত্ব পালন অবস্থায় মারা যান সহকারী শিক্ষক রেজাউল করীম, গ্রাম পুলিশ সদস্য ইব্রাহীম শেখ এবং জুনিয়র ইন্সট্রাক্টর রোকনুজ্জামান।
নির্বাচন কমিশন তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস জানায়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। নির্বাচন কমিশনের এই আর্থিক সহায়তা তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি পূরণ করতে না পারলেও কিছুটা সহায়তা ও সান্ত্বনা দেবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহ্সিম এবং শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক। এছাড়া ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টার্স২৪/বাবি