| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে নবনির্মিত সেতুর গাইড ওয়ালে ভাঙ্গন

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০৮:২১:১০:পূর্বাহ্ন  |  ১৩৫২ বার পঠিত
গাজীপুরে নবনির্মিত সেতুর গাইড ওয়ালে ভাঙ্গন

গাজীপুর প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী বাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খিরাটী-মনোহরদী সংযোগ সেতুর গাইড ওয়ালে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুরের তত্ত্বাবধানে কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের ১২ হাজার মিটার চেইনেজে ৭৫ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়।

২০২২ সালের ২৮ নভেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু করে কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুশফিকুর রহমান (কাঞ্চন)। প্রায় তিন বছর মেয়াদি প্রকল্পের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাপাসিয়া প্রান্তের গাইড ওয়ালে বর্তমানে বড় ধরনের ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গাইড ওয়ালের ব্লক বাঁধাই অংশে লম্বালম্বি ফাটল সৃষ্টি হয়েছে এবং ভাঙনের পরিধি দ্রুত বাড়ছে। এর আগে বৃষ্টির পরও একই স্থানে ক্ষয় ও ভাঙন দেখা দিলেও তা সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। তবে এবার পরিস্থিতি অনেক বেশি গুরুতর।

তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ও গাইড ওয়ালের বড় অংশ ধসে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সেতু নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা ম্যানেজার মো. রিটন বলেন, বৃষ্টির পানি সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় গাইড ওয়ালের পাশে পানি জমে এবং স্রোতের কারণে মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। গাইড ওয়ালের পাশ দিয়ে থাকা একটি পাইপের কারণে পানি স্বাভাবিকভাবে বের হতে পারেনি।

তিনি আরও জানান, নির্মাণকাজ শেষ হওয়ার পরও এক বছর পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। এ সময়ের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত করা হবে।

এ বিষয়ে এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। আগামী শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার সময়সীমা এখনও বহাল রয়েছে, ফলে সমস্যা সমাধানে তারা বাধ্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪