নরসিংদী প্রতিনিধি : রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড়ে নানা প্রতিকূলতার মধ্যেও হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল মনসুর খান দীপক ও সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহসীন হোসাইন বিদ্যুৎ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-এর পক্ষ থেকে তিনি নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানাতে নরসিংদীতে এসেছেন। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা করতেই তাদের এ সফর বলে জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কঠিন সময় পার করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে রাজনীতি করা কর্মীরা ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে খালেদা জিয়া-এর নেতৃত্বে এবং তারেক রহমান-এর আহ্বানে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, একসময় যেসব নেতাকর্মী একে অপরের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন, আজ তাদের মধ্যেই বিভেদ ও দূরত্ব সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে দলীয় আদর্শে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, তারেক রহমান একটি কল্যাণমুখী ও জনবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সরকার গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল বা অর্থ উপার্জনের প্রবণতা থেকে নেতাকর্মীদের দূরে থাকতে হবে। দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারীদের মূল্যায়ন করতে হবে এবং সুবিধাবাদীদের সামনে আনা যাবে না। তৃণমূল থেকে সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং সুস্থ, শালীন ও গণমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহান শাহ শানু ও হাসিব হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ এবং সদস্য সচিব সুমন নেওয়াজসহ দলীয় নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/এসএন