| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১২:২৮:০০:অপরাহ্ন  |  ১০৭২ বার পঠিত
চাঁদপুরে  মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত চার থেকে পাঁচ দিন আগের।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সকালে কলাবাগানের ভেতরে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তবে মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং পিবিআইয়ের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তকারীরা মরদেহ উদ্ধারের স্থান, আশপাশের পরিবেশ ও সম্ভাব্য আলামত সংগ্রহ করেছেন। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ পোকামাকড় ও প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত নারীর পরিচয় শনাক্তে আশপাশের থানা ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে অবহিত করা হয়েছে। কোনো নিখোঁজ ব্যক্তির তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪