নওগাঁ প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুবসমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা এবং বিশিষ্ট সমাজসেবক আমেদুল ইসলাম চঞ্চল।
এ ছাড়া উপস্থিত ছিলেন তুহিন হোসেন, মেহেদী মোস্তাকিম (কোলা ইউনিয়ন ছাত্রদল)সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন