| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১২:২৭:৩৫:অপরাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
কালিহাতীতে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে মঈন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের পাথরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও অন্ধকার নেমে আসায় তা স্থগিত করা হয়। (২৭ জুন) শনিবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

নিখোঁজ মঈন মাগুরা জেলার মনিরুজ্জামানের ছেলে। তিনি টাঙ্গাইল সৃষ্টি একাডেমি-এর বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের ভাষ্য, বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মঈন। পরে স্কুলের আরও কয়েকজন বন্ধুসহ মোট আটজন যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা তিনজন হঠাৎ পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চেষ্টায় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও মঈনকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে মঈনের মা নিজেই ফায়ার সার্ভিস কার্যালয়ে গিয়ে ডুবুরি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর টাঙ্গাইল স্টেশনের লিডার মোস্তফা কামাল জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে অন্ধকারের কারণে অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হবে।

এদিকে, মঈনের খোঁজে নদীর তীরে রাতভর অপেক্ষা করছেন তার মা, স্বজন ও স্থানীয়রা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪