| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতের আঁধারে কেটে নিল সড়ক বিভাজকের গাছ

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ২০:১৬:৪০:অপরাহ্ন  |  ৯৯৮ বার পঠিত
রাতের আঁধারে কেটে নিল সড়ক বিভাজকের গাছ

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় সড়ক বিভাজনে রোপণ করা ২০ থেকে ২৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছে।

সওজ সূত্র জানায়, মহাসড়কের শামুকসার থেকে দত্তসার পর্যন্ত অংশের গাছপালা তদারকির দায়িত্বে রয়েছেন কুমিল্লা সড়ক উপ-বিভাগের কার্য সহকারী মো. মোবারক হোসেন ভূঁইয়া। চার লেন মহাসড়ক নির্মাণের সময় বিপরীত দিকের যানবাহনের হেডলাইটের আলো নিয়ন্ত্রণ এবং মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভাজনে বিভিন্ন প্রজাতির ফুল ও বনজ গাছ লাগানো হয়। এসব গাছের মধ্যে রয়েছে কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কেসিয়া ও জারুলসহ নানা প্রজাতি।

সওজের দাবি, গত সোমবার সন্ধ্যায় গাছগুলো অক্ষত অবস্থায় দেখা গেলেও বৃহস্পতিবার গভীর রাতে শামুকসার এলাকায় বিভাজনের ২০-২৫টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি জানতে পেরে মো. মোবারক হোসেন ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, মহাসড়কের পাশে থাকা একটি সাইনবোর্ড স্পষ্টভাবে দৃশ্যমান না থাকায় সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কর্মীরাই গাছ কেটে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

জোড়কানন বাংলোর কেয়ারটেকার ফিরোজ মিয়া, পথচারী আবুল মিয়া ও কৃষক সুরুজ আলীসহ স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরেই মহাসড়কের দুই পাশ ও বিভাজনের গাছ ভোরের দিকে কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এসব গাছ রক্ষায় সওজ ও প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়কের বিভাজনের গাছ কেটে নেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪