| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ২২:২৭:০৩:অপরাহ্ন  |  ৬১৭ বার পঠিত
নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে পবিত্র আশুরা উপলক্ষে গান-বাজনার আয়োজনকে কেন্দ্র করে কথিত এক নারী পীরের আস্তানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরের মুরিদদের হামলায় স্থানীয় মসজিদের ইমামসহ অন্তত ১০ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) উপজেলার ২ নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটলক্ষীপুর গ্রামের বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছোটলক্ষীপুর গ্রামের বরকন্দাজ বাড়িতে আবদুর রহিম ও হাসিনা আক্তার ওরফে সেলিনা বেগম দম্পতি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেলিনা বেগম নিজেকে পীর দাবি করে আস্তানা গড়ে তোলেন।

স্থানীয়দের দাবি, আস্তানার আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে ভণ্ডামি ও কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা চলছিল।

শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে ওই বাড়িতে লাল, সবুজ, সাদা ও কালো পতাকা এবং কাবাশরীফের গিলাফ ও মরিচা বাতি দিয়ে জমকালো সাজসজ্জা করা হয়। সকাল থেকে লাউডস্পিকারে কুরআন খতম এবং প্রায় ২০০ মানুষের জন্য গরুর মাংসের বিরিয়ানির আয়োজন করা হয়, যাতে স্থানীয়দের কোনো আপত্তি ছিল না। তবে বিপত্তি ঘটে বিকেল হতেই। কুরআন খতম শেষ হওয়ার পর ওই লাউডস্পিকারেই উচ্চশব্দে মাজারভিত্তিক গান-বাজনা শুরু হয়।

পবিত্র এই দিনে আস্তানার ভেতরে নারী-পুরুষের এমন গান-বাজনার আয়োজনে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিরা। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় আলেম ও গ্রামবাসী মিলে ওই বাড়িতে গিয়ে গান-বাজনা বন্ধ করার অনুরোধ জানান।

মুসল্লিদের অভিযোগ, অনুরোধ করা মাত্রই কথিত পীর সেলিনা বেগম ও তার মুরিদরা উল্টো মুসল্লিদের ওপর চড়াও হন। কথাকাটাকাটির একপর্যায়ে আকস্মিকভাবে তারা মুসল্লিদের চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। একইসঙ্গে দা-ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেনের বাম হাতের কব্জি কেটে যায়। এছাড়া আরও অন্তত ১০ জন মুসল্লি আহত হন। গুরুতর আহত ইমামকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমাম ও মুসল্লিদের ওপর ধারালো অস্ত্র ও মরিচের গুঁড়া দিয়ে হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে শত শত গ্রামবাসী জড়ো হয়ে কথিত পীর দম্পতির বাড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা আস্তানার ডেকোরেশনের গেট, ছামিয়ানা ও বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। তবে এসময় কথিত পীরের পক্ষের কেউ আহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় মসজিদের খতিব হজরত মাওলানা ইব্রাহিম বলেন, কোনো প্রকৃত মুসলমান ওরস বা মাজার পূজায় বিশ্বাস করতে পারে না। নামাজ, রোজা, হজ, জাকাত এবং রাসুল (সা.) ও সাহাবি প্রেমিক ইসলামিক কার্যক্রমের বাইরে অন্যকোনো কিছু করা মোটেও উচিত নয়।

ঘটনার খবর পেয়ে হাইমচর থানা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, মুসল্লিরা ভণ্ডামি বন্ধের জন্য সেখানে সমবেত হয়েছিল। পরে সংঘাতময় পরিস্থিতির কথা শুনে আমি তাৎক্ষণিক পুলিশসহ ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আপাতত সিদ্ধান্ত হয়েছে, উরুস নামক কোনো ভণ্ডামি এখানে আর চলবে না। ওই আস্তানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত হাসিনা আক্তার ওরফে সেলিনা বেগম। তিনি বলেন, আমরা কোনো অন্যায় করি নাই। আশুরার অনুষ্ঠান ও মিলাদ পড়ছিলাম। আমাদের তবারক খেয়ে কত মানুষ ভালো হয়। কিন্তু তারা এসে আমাদের ঘর-দুয়ার ভেঙে দিয়েছে।

নারী পীরের স্বামী আবদুর রহিম ঘটনার পরদিন গণমাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, হামলা ও ভাঙচুরের সময় উত্তেজিত জনতা আমাদের বাড়ি থেকে হাঁস-মুরগি, কবুতরসহ ৫ ভরি স্বর্ণালংকার এবং ঘর করার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ফ্রিজ, আলমারি, পুরোনো টিনের ঘরসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে। এমনকি ২০০ জনের জন্য রান্না করা গরুর বিরিয়ানির পাতিলের ওপর সবচেয়ে বেশি ক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, ঘটনার পর পরই সেখানে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এলাকাটি এখন কড়া পুলিশি নজরদারিতে রয়েছে। এই ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪