ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাঁচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর হাতিয়ার।