| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৪:২৯:৩৭:অপরাহ্ন  |  ৮৫৩ বার পঠিত
মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

মেলান্দহ প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাস বয়সী এক শিশুকে হত্যার পর পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা শ্রাবন্তীকে (২৩) আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত শিশু শাওনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

তিনি বলেন, শিশুটিকে হত্যার অভিযোগে স্থানীয়রা তার মা শ্রাবন্তীকে আটক করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুর বাবা ও স্বজনরা থানায় এসেছেন। তারা অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, নিহত শিশু শাওন উপজেলার ভাবকী গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবিরের ছেলে। দুই বছর আগে হুমায়ুন কবিরের সঙ্গে জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে শ্রাবন্তীর বিয়ে হয়।

নিহত শিশুর বাবা হুমায়ুন কবির দাবি করেন, তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখতেন এবং পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হয়।

তার অভিযোগ, পরকীয়ার জের ধরেই রোববার রাতে শ্রাবন্তী তাদের ছেলে শাওনকে হত্যা করে গোয়ালঘরের পাশের একটি পুকুরে মরদেহ ফেলে দেন এবং কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে রাখে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪