| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরাইলে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৩:৫০:০৯:পূর্বাহ্ন  |  ১৫২৪ বার পঠিত
সরাইলে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে খাদিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত ৮টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম মিয়া উপজেলার ধর্মতীর্থ চাকসার এলাকার সামসু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সূর্যকান্দি গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন প্রায় পাঁচ লাখ টাকার চটা-পাটি (বিলে মাছ ধরার জন্য ব্যবহৃত বেড়ি তৈরির উপকরণ) বিক্রি করেছিলেন একই উপজেলার ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে। তবে দীর্ঘ নয় মাস ধরে পাওনা টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রোববার বিকেলে কালিকচ্ছ শহীদ মিনার এলাকায় মোশারফ হোসেনের সঙ্গে আশিক ও আলালের দেখা হলে তিনি পাওনা টাকা দাবি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে ঘটনাটি নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত ৮টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে টর্চলাইটের আলো ব্যবহার করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় খাদিম মিয়া টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবলসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে যাতে নতুন করে সংঘর্ষের ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪