| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কচুয়ায় চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৫:২৭:১৩:অপরাহ্ন  |  ৮৮২ বার পঠিত
কচুয়ায় চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরে চুরির ঘটনার সময় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা কৌশলে বসতঘরের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা মালামাল নেওয়ার চেষ্টা করলে ফাতেমা বেগম বিষয়টি টের পান। পরে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করা দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

রিপোর্টার্স/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪