| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সহকারী শিক্ষক, এক মাসেও নেওয়া হয়নি ব্যবস্থা

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৯:৫২:৪১:অপরাহ্ন  |  ৩২৪ বার পঠিত
প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সহকারী শিক্ষক, এক মাসেও নেওয়া হয়নি ব্যবস্থা
ছবির ক্যাপশন: অভিযুক্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এক মাস আগে অভিযোগ করেও এখনো প্রতিকার পাননি ভুক্তভোগী শিক্ষক। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

গত মাসের ২০ তারিখ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে আন্তঃইউনিয়ন ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ জন্য ইউনিয়নের তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়।

প্রতিযোগিতায় পশ্চিম চরতিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ—কোনোটিতেই বিজয়ী না হলে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ফলাফলের তালিকা ছিঁড়ে ফেলেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক এবং আগত অন্য শিক্ষকেরা প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন। একপর্যায়ে তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুর রহমানকে প্রকাশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উপস্থিত অন্যান্য শিক্ষকের সহায়তায় রক্ষা পান ওই সহকারী শিক্ষক। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও আগত অভিভাবকেরা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, “এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। দ্রুতই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪