| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও সীমান্তে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৪:২৩:২২:অপরাহ্ন  |  ৮০৭ বার পঠিত
ঠাকুরগাঁও সীমান্তে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ভারতে পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর সিপিসি-২ (নীলফামারী)-এর একটি দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. হাসান আহাম্মদ (২৬) ও মো. নাজমুল (৬৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, অভিযানের সময় হাসান আহাম্মদের বাড়ির পশ্চিম ভিটার পূর্বমুখী গোয়ালঘর থেকে আসামিদের হেফাজতে থাকা একটি দ্বিখণ্ডিত কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। পুরো মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এতে বিভিন্ন অংশ ভাঙা ও ক্ষয়প্রাপ্ত রয়েছে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রত্নসম্পদটি চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে গোপনে সংরক্ষণ করা হয়েছিল।

র‍্যাব আরও জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তিটি নিজেদের হেফাজত থেকে বের করে দেন। পরে ডিজিটাল ওজনযন্ত্রে ওজন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে মঙ্গলবার হরিপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, র‍্যাবের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া প্রত্নসম্পদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪