ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. ইব্রাহীম ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত পারুল (৪৬) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংগিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. তরিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত প্রায় ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া মাদ্রাসার সামনে রাস্তা পার হচ্ছিলেন পারুল। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৭৮০৩ নম্বরের ‘তেঁতুলিয়া সেভেন স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মামলায় বাসটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের খবর দেওয়া এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন