| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৫:০৮:১৬:অপরাহ্ন  |  ৮৪০ বার পঠিত
ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

রিপোর্টার্স২৪ ডেস্ক: বরিশাল মহানগরীতে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তির ছবি নিয়ে এআই-নির্ভর ডিজিটাল পরিবর্তন করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিএমপির মিডিয়া সেলের বিরুদ্ধে। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, বিশেষ করে ফুটবল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি পলাশপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় তার পরনে আর্জেন্টিনা দলের জার্সি ছিল।

অভিযান শেষে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার পরনের জার্সি উল্টো করে পরিয়ে ছবি তোলে, যা পরে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। তবে সেই ছবিতে মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা এআই প্রযুক্তি ব্যবহার করে রাসেলের গায়ে থাকা আর্জেন্টিনা জার্সি পরিবর্তন করে ব্রাজিল জার্সি বসিয়ে দেন।

এছাড়া গণমাধ্যমে পাঠানো ই-মেইলে ভুলভাবে উল্লেখ করা হয় যে তিনি ব্রাজিল সমর্থক ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক বিতর্ক ও সমালোচনা।

পরবর্তীতে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে এলে দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পরে সঠিক তথ্য ও আসল ছবি পুনরায় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অভিযুক্ত বিএমপির মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি দুষ্টুমির ছলে করা হয়েছিল, অনিচ্ছাকৃত ভুল হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, যেখানে আটক রাসেল ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪